বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ দিল আদালত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:১৯

সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা অবস্থায় ছিল, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পরদিনই সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ আলামত উদ্ধার করে পুলিশ। তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

অভিযোগ অনুযায়ী, পড়া বন্ধ করে অন্য কোচিংয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকায় তিনি বাসায় প্রবেশ করে অপরাধ সংঘটনের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে মেয়েটিকে হত্যা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে।

এদিকে রায় ঘোষণাকে ঘিরে এলাকায় স্বস্তি ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ঘটনার পর দেশজুড়ে মানববন্ধন, বিক্ষোভ ও বিচার দাবিতে নানা কর্মসূচি পালিত হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top