বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

১২০০ ঘণ্টার পরিশ্রমে তৈরি ইশা আম্বানির রাজকীয় সাজ, নজর কাড়ল আম ব্যাগ

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১০:৫১

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের মেট্রোপলিটন জাদুঘর অব আর্টে অনুষ্ঠিত বিশ্বজুড়ে আলোচিত মেট গালা অনুষ্ঠানে এবার নজর কেড়েছেন ভারতীয় ধনকুবের অনিল আম্বানির কন্যা ইশা আম্বানি। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আয়োজনে তারকারা বর্ণিল ও শিল্পসমৃদ্ধ পোশাকে হাজির হন।

ইশা আম্বানির এই সাজ তৈরি করতে সময় লেগেছে প্রায় ১ হাজার ২০০ ঘণ্টারও বেশি। এতে কাজ করেছেন ৫০ জনেরও বেশি দক্ষ কারিগর। তিনি পরেছেন ডিজাইনার গৌরব গুপ্তার তৈরি শাড়ি এবং ভাস্কর্যের মতো দেখতে একটি কেপ, যা সম্পূর্ণভাবে হাতে তৈরি।

শাড়িটি খাঁটি সোনার সুতা দিয়ে বোনা হয়েছে। এতে প্রাচীন ভারতীয় দেয়ালচিত্রের অনুপ্রেরণা দেখা যায়। শাড়ির পাড়জুড়ে রয়েছে হাতে আঁকা ঐতিহ্যবাহী নকশা। পাশাপাশি জারদৌজি, আরি কাজ ও উঁচু-নিচু সেলাইয়ের সূক্ষ্ম মিশ্রণ ব্যবহার করা হয়েছে।

ব্লাউজ বা উপরের অংশে ব্যবহৃত হয়েছে আম্বানি পরিবারের ব্যক্তিগত সংগ্রহের ২০০টিরও বেশি পুরোনো হীরা। এগুলো হাতে সেলাই করে বসানো হয়েছে, যা পুরো পোশাককে দিয়েছে রাজকীয় রূপ।

গলায় ছিল দুই স্তরের হীরার হার, যার ওজন ২৫০ ক্যারেটেরও বেশি। হাতে ছিল হীরার অলংকার এবং কোমরে ছিল হীরার কোমরবন্ধ, যা শাড়ির ভাঁজ বরাবর ঝুলে ছিল।

এ ছাড়া ব্রুকলিনভিত্তিক শিল্পী সৌরভ গুপ্ত প্রায় ১৫০ ঘণ্টার বেশি সময় নিয়ে কাগজ, তামা ও পিতল দিয়ে তৈরি করেছেন জুঁই ফুলের নকশা। পরে সেগুলো ভারতীয় রঙে রাঙানো হয়।

সবচেয়ে আলোচিত অংশ ছিল একটি আম আকৃতির ভাস্কর্য, যা ইশা আম্বানির হাতে ধরা অবস্থায় দেখা যায়। এটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সব মিলিয়ে, ঐতিহ্য, শিল্প এবং আধুনিক নান্দনিকতার মিশেলে ইশা আম্বানির এই উপস্থিতি বিশ্ব ফ্যাশন জগতে নতুন করে দৃষ্টি কাড়ে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top