দূরে থেকেও সানির জন্মদিনে কেক কাটলেন মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৭:১২

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী-এর জন্মদিন আজ। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্ম নেওয়া এই অভিনেতা নব্বইয়ের দশকে একাধিক হিট সিনেমার মাধ্যমে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৯২ সালে এই নিয়ে সংসার সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর একাধিক সফল সিনেমায় কাজ করে তিনি ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন।

বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে তার উপস্থিতি দেখা যায়।

জন্মদিনটি তিনি এবার একাই উদযাপন করছেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করায় তিনি আলাদা থাকলেও দিনটি ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী-কে বিয়ে করেন ওমর সানী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তবে এবারের জন্মদিনে দূর থেকেই স্বামীর জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন মৌসুমী। ভিডিওবার্তায় তিনি কেক কেটে শুভেচ্ছা জানান এবং তাদের দাম্পত্য জীবনের স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেন।

সেই ভিডিওতে আবেগঘন মন্তব্য করেছেন ওমর সানী নিজেও। তিনি লিখেছেন, “অনেক ধন্যবাদ তোমাকে, তোমার মাঝে তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।”

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্তরা এই দম্পতির দীর্ঘ দাম্পত্য জীবন এবং পারস্পরিক ভালোবাসার প্রশংসা করেছেন।

তবে ব্যক্তিগতভাবে জন্মদিনে খুব বেশি আয়োজন না করার বিষয়ে আগে থেকেই অনাগ্রহী ওমর সানী, কারণ তার মতে একই মাসে মায়ের মৃত্যুবার্ষিকী থাকায় এই সময়টি তার কাছে আবেগঘন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top