‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৮:০৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৈরি হওয়া পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা থাকায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর ঝুঁকি থাকতে পারে। তবে এখন পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি। তারপরও আগাম সতর্কতা হিসেবে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসি সম্মেলনে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করা, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার সঠিক তালিকা তৈরি করা।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক ও রেলপথে বডি ক্যামেরা ব্যবহার, জাল টাকা শনাক্তে ব্যবস্থা এবং ফেরিঘাটে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মাদক ও অনলাইন জুয়া দমনে অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন তৈরির কাজ চলছে এবং এ ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।