মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়ায় কিছুটা প্রশমনের আভাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ০২:৪৪

ছবি: সংগৃহীত

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে এসব জেলার শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি বলেন, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের কিছু কিছু জায়গা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ও রোববার (৪ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৫ জানুয়ারি) থেকে রাত ও দিনের তাপমাত্রা আবার সামান্য কমতে পারে। পাশাপাশি বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top