পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাকিব ইসলাম | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১১:০২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনে ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য রেখা থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।
বিএসএফের দাবি, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করায় তারা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। পরে কথিত চোরাকারবারিদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে গুলি চালালে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।