রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৭
রাজবাড়ীর পাংশা উপজেলায় সাপের কামড়ে মো. শামীম মৃধা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের হেলাল মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ির পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি সাপ শামীমকে কামড় দেয়। ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানান। এরপর তাকে স্থানীয় এক ওঝার (সাপুড়ে) কাছে নেওয়া হয়।
কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে রাত প্রায় ৩টার দিকে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শামীমকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নেওয়া গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে বাঁচানো সম্ভব।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সচেতনতার অভাবে এমন মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন স্থানীয়রা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।