শরীয়তপুরে তেল সংগ্রহ করতে গিয়ে ব্যতিক্রমী এক ঘটনায় আলোচনায় এসেছেন কয়েকজন কৃষক। ড্রাম বা বোতলে তেল বিক্রি করা হয় না—এমন ধারণা থেকে তারা সেচ কাজে ব্যবহৃত পাম্প মেশিন খুলে মাথায় করে সরাসরি ফিলিং স্টেশনে নিয়ে যান তেল নেওয়ার জন্য।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বুধবার (২২ এপ্রিল) ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক তাদের সেচ পাম্প মেশিন খুলে ফিলিং স্টেশনে হাজির হয়েছেন। পরে তারা মেশিনে সরাসরি তেল ভরার প্রস্তুতিও নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মেসার্স চোকদার ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে যান তারা। তাদের ধারণা ছিল, বোতল বা ড্রামে তেল না দেওয়ায় মেশিনসহ উপস্থিত হলে সহজেই তেল পাওয়া যাবে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্র বা ড্রামে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষি কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কৃষি অফিসের অনুমোদনপত্র থাকলে নিয়ম মেনে তেল সরবরাহ করা হয়।
ফিলিং স্টেশনটির পরিচালনাকারী আব্দুল জব্বার বলেন, ভুল ধারণার কারণেই অনেক কৃষক এমন পদক্ষেপ নেন। তবে যথাযথ অনুমোদন থাকলে নিয়ম অনুযায়ী তেল নেওয়া সম্ভব।
এদিকে স্থানীয়দের মতে, সচেতনতার অভাব ও সঠিক তথ্য না জানার কারণে কৃষকদের মধ্যে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশনা দিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।