সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৫:২৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এবার শুল্ক আরোপের কারণে তার অবস্থান হারিয়েছে। এই সুযোগে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, শীর্ষে এখন ভিয়েতনাম অবস্থান করছে। চীন নেমে গেছে তৃতীয় স্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইন্দোনেশিয়া এবং ভারত রয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সটাইল ও পোশাক দফতর (অটেক্সা) রোববার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। তাদের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। যদিও এটি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৩ শতাংশ কম।

অন্যদিকে, ভিয়েতনাম এই দুই মাসে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে। গত বছরের একই সময়ের তুলনায় তাদের রপ্তানি ২ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনের রপ্তানি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। চলতি বছরের প্রথম দুই মাসে দেশটি ৫৭ দশমিক ৬৫ শতাংশ কমে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে পেরেছে।

সার্বিকভাবে, আলোচ্য সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট তৈরি পোশাক আমদানি কমেছে। এই দুই মাসে দেশটি ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top