ডেডলাইনের আগেই ইরানের সঙ্গে চুক্তি নয়, হামলার শঙ্কা বাড়ছে
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১০:২৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানের সঙ্গে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে মতপার্থক্য এতটাই গভীর যে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। ট্রাম্প নিজেও ঘনিষ্ঠদের কাছে চুক্তি নিয়ে খুব বেশি আশাবাদী নন বলে জানা গেছে।
এর আগে ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ইরানের সেতু ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার নির্দেশ দিতে পারেন। তবে এমন সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির নেতারা।
তাদের আশঙ্কা, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা হলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে যেতে পারে। এতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট বলেন, প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নেবেন তা কেবল তিনিই জানেন এবং শিগগিরই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।