জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বহুল আলোচিত এই মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তার নির্মম হত্যাকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে এবং জাতিসংঘের প্রতিবেদনেও এ ঘটনার প্রমাণ উঠে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।
এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ২৪ জন পলাতক এবং ৬ জন বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন।
গ্রেফতার আসামিরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠনের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি দুই হাত প্রসারিত করে সড়কে দাঁড়িয়ে থাকাকালে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এই ঘটনাটি সারা দেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।