মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩

ছবি: সংগৃহীত

রমজানে দেশের নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং এটি পুরো রমজান মাস চলবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, ডিমের একটি ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকায় এবং ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এ উদ্যোগের ফলে বাজারে জিনিসপত্রের দামেও প্রভাব পড়বে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ালে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যায়, তাই সরকারের এই উদ্যোগ তাদের জন্য সহায়ক হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেয়া হবে, যেখানে সততা, নিষ্ঠা এবং সমন্বিত টিমওয়ার্ককে গুরুত্ব দেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top