‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্যমন্ত্রীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি দেশের জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এখন থেকে ‘বৈসাবি’ নামে একত্রে নয়, বরং প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব রীতি ও স্বকীয়তায় সামাজিক উৎসব উদ্যাপন করবে। এসব উৎসবে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব- বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান উপলক্ষে এ আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের ১১টি জনগোষ্ঠীর এসব উৎসবের মূল বার্তা শান্তি ও সম্প্রীতি। তিনি আরও বলেন, দেশের সরকারপ্রধান তারেক রহমান চান সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষ সমান গুরুত্ব নিয়ে নিজ নিজ সামাজিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করুক। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের স্বকীয়তা রক্ষা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
উৎসবের সময়সূচি তুলে ধরে মন্ত্রী বলেন, ১২ এপ্রিল ফুল বিজু বা বৈসুর মাধ্যমে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ১৩ এপ্রিল ঘরে ঘরে পাঁজন রান্নার মধ্য দিয়ে মূল উৎসব উদ্যাপন করা হবে। আর ১৪ এপ্রিল জলকেলি ও আশীর্বাদ গ্রহণের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।