শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪২

ছবি: সংগৃহীত

আসন্ন পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের নেওয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেবেন বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সার, বীজ ও অন্যান্য কৃষি সহায়তা স্বচ্ছভাবে ও সরাসরি গ্রহণ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সহজ হবে।

এছাড়া এই কার্ডের মাধ্যমে কৃষকদের প্রাপ্য আর্থিক সহায়তা ও ভর্তুকির অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে টাঙ্গাইলসহ ১০টি জেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশের কৃষকদের মধ্যে সম্প্রসারণ করা হবে।

কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে কর্মসূচি বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকারের আশা, পহেলা বৈশাখের মতো জাতীয় উৎসবে এই উদ্যোগ কৃষি অর্থনীতিতে নতুন গতি আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই উদ্যোগকে কৃষি খাতের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top