বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৩৬
বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানান।
বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জাতিসত্তা, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। প্রতি বছর এই দিনটি নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে এবং মানুষকে পুরোনো সব গ্লানি ঝেড়ে নতুনভাবে পথচলার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও উল্লেখ করেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি ও প্রকৃতির সম্পর্ক গভীরভাবে জড়িত। প্রযুক্তির অগ্রগতির মধ্যেও কৃষকরা এখনো প্রকৃতির ছন্দ মেনেই তাদের ফসল উৎপাদনের সময় নির্ধারণ করেন। বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক রূপকে তুলে ধরে এবং জাতির মধ্যে ঐক্যের বন্ধনকে দৃঢ় করে।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের শাসন অবসানের পর সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা চালু করা হয়েছে। পাশাপাশি বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে, যা ভবিষ্যতে কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। বিশ্ব যখন নানা সংকটে বিপর্যস্ত, তখন শান্তি ও মানবিক মূল্যবোধের গুরুত্ব আরও বেড়েছে।
সবশেষে তিনি আহ্বান জানান, নববর্ষে সবাই যেন সংকীর্ণতা ও স্বার্থপরতা পরিহার করে মানবকল্যাণের পথে এগিয়ে যায়। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।