বৈশ্বিক অস্থিরতায় সোনার দামে বড় পতন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ২০:৫১

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এদিন স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭১১.৫১ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার (জুন ডেলিভারি) ১.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৭৩২.৮০ ডলারে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনার পর থেকে সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে।

সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা মূল্যস্ফীতির সময় সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে উচ্চ সুদের হার বাজারে চাপ সৃষ্টি করছে। কারণ সোনা একটি সুদবিহীন সম্পদ হওয়ায় বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে সুদ প্রদানকারী সম্পদের দিকে ঝুঁকছেন।

এছাড়া মার্কিন ডলারের মানও প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ছে।

বিশ্লেষকদের ধারণা, তেলের বাজারে অস্থিরতা এবং সুদের হার কমানোর সম্ভাবনা কম থাকায় স্বল্পমেয়াদে সোনার বাজারে এই চাপ অব্যাহত থাকতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top