বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত, শূন্য পদে দ্রুত নিয়োগ চলবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৯

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার সারাদেশে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জনের নিয়োগ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে আট বিঘা এবং প্রতিটি উপজেলায় দশ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, উচ্চপ্রযুক্তি পার্ক ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং দেশে অনলাইন অর্থ লেনদেন সেবা চালুর বিষয়টি বাস্তবায়নে একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ শতাধিক ক্রীড়াবিদকে এ ভাতার আওতায় আনার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে ১২৯ জনকে ইতোমধ্যে ভাতা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশে ভাষা শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণসীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে দশ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা প্রাপ্তির আগেই যোগ্যতার সনদের ভিত্তিতে এই ঋণ সুবিধা সহজ করা হয়েছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top