মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর আকস্মিক কেন্দ্র পরিদর্শন ঘিরে কৌতূহল, গন্তব্য গোপন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো আকস্মিকভাবে পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্র পরিদর্শন করবেন—এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে পরীক্ষাকেন্দ্র ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার আগাম কোনো কেন্দ্র নির্ধারণ বা প্রকাশ করা হয়নি। এমনকি মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারাও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলতে রাজি হননি। তাদের ভাষ্য, শিক্ষামন্ত্রী কোথায় যাবেন, তা একান্তই তার সিদ্ধান্তের বিষয়।

এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ড. এহছানুল হক মিলন নকলবিরোধী অভিযান ও হেলিকপ্টারে আকস্মিক কেন্দ্র পরিদর্শনের জন্য ব্যাপক আলোচনায় আসেন। তখন থেকেই তিনি ‘হেলিকপ্টার মিলন’ নামে পরিচিতি পান।

এবারও পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে তার সম্ভাব্য হেলিকপ্টার ব্যবহারের ইঙ্গিতকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা–২ বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top