উপজেলায় অফিস পেয়ে এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৯:৪৬
উপজেলায় অফিস বরাদ্দ পাওয়ার পর এবার যাতায়াতের সুবিধা বাড়াতে সরকারের কাছে গাড়ি চেয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে উঠে অফিস বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি গাড়ির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন কোনো ব্যবস্থা নেই। অনেক সময় ভাড়ায় গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় যাতায়াত করতে হয়, যা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। জনগণের কাছে সহজে পৌঁছাতে একটি গাড়ির ব্যবস্থা করার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা না নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এমনকি আইন সংশোধন করে করমুক্ত গাড়ির সুবিধা বাতিলের পরিকল্পনাও রয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি তেলের বরাদ্দ কমানোসহ বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি।
পরে বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহর দাবিকে বিবেচনায় নেওয়ার জন্য সরকারপক্ষকে ধন্যবাদ জানান। তবে তিনি কিছুটা রসিকতা করে বলেন, তরুণদের আবদারে সবসময় সরাসরি ‘না’ বলা উচিত নয়। এ ধরনের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভালো কোনো খবরের আশায় মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি নিলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা হতাশ হয়েছেন। এ সময় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
আলোচনার একপর্যায়ে স্পিকার স্মরণ করিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।