জ্বালানি দামের সঙ্গে সমন্বয়ে রেখে বাড়বে বাসভাড়া:প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:১০
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন খাতের ভাড়া নতুন করে নির্ধারণের কথা জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া সমন্বয় করা হবে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়তে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, জ্বালানির দাম বাড়লে বাজারে পণ্যমূল্য বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, এবং এর প্রভাব পরিবহন ভাড়াতেও পড়বে। তবে সরকার নিশ্চিত করবে, কোনোভাবেই যেন ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়।
ব্রিফিংয়ে তিনি জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তার মতে, বর্তমানে যে পরিমাণ জ্বালানির চাহিদা দেখা যাচ্ছে, তার সবটাই প্রকৃত চাহিদা নয়; অবৈধ মজুদ ও পাচারের কারণে চাহিদা কৃত্রিমভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষে সম্পূর্ণ চাহিদা পূরণ করা কঠিন বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া বৈশ্বিক সংকটের কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে—এ বাস্তবতা মেনে নেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। এ লক্ষ্যে প্রতিবেশী দেশ ভারত, ভুটান ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।