এসক্যাপ অধিবেশনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (UN ESCAP)-এর ৮২তম অধিবেশনে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে পারস্পরিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ বৃদ্ধি, উদ্ভাবন এবং ডিজিটাল অর্থনীতিতে তরুণ ও নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন।
এছাড়া সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের অগ্রাধিকার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অধিবেশনে এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়া আলিসজাহবানা জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। এ জন্য আঞ্চলিক সহযোগিতা, নীতিগত সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।