চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার (২১ এপ্রিল) গণচীনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়।
দলটির নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলটি গ্রেট হল অব দ্য পিপলে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে বিকশিত হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর, রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দুই পক্ষ একমত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট, তিস্তা প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি, শিল্প সহযোগিতা, স্বাস্থ্যখাত, প্রযুক্তি বিনিময় এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ পক্ষ চীনের অব্যাহত সহযোগিতা কামনা করে, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন ও উন্নয়ন প্রকল্পে।
চীনের প্রতিনিধিরা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষই মনে করে, এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।