বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৪ বাংলাদেশি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৪

ছবি: সংগৃহীত

লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফিরে আসা অধিকাংশ ব্যক্তিই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মানবপাচারকারীদের প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তারা অপহরণ, শারীরিক নির্যাতনসহ চরম মানবেতর পরিস্থিতির মধ্যে পড়েন বলে জানা গেছে।

দূতাবাস সূত্র জানায়, এবারের ফিরিয়ে আনা দলে ২৭ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় তাদের চিকিৎসা ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হয়।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ সময় অভিবাসন ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে নিজ নিজ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top