বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৩১

সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে মোহাম্মদপুর ও বসিলা এলাকাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।

তিনি জানান, বসিলা থানা প্রতিষ্ঠার কার্যক্রম সম্পন্ন হতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। এর পাশাপাশি ডিএমপির ৫০টি থানার আওতায় পেট্রোল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে সমন্বিত অভিযান চালানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, বসিলা এলাকায় বৈধ আয়ের বাইরে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে তাদের আয়ের উৎস যাচাই করা হচ্ছে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ‘নো ড্রাগস’ কর্মসূচির প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে।

স্থানীয়ভাবে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে অটোরিকশা বয়কটের আহ্বানও জানানো হয়। এছাড়া শিগগিরই চিহ্নিত অপরাধীদের ছবি প্রকাশ করে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা জোরদারে রায়েরবাজার ও বসিলা এলাকায় পুলিশ সদস্য সংখ্যা বাড়ানো হবে। হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে হোটেলে অবস্থানকারীদের তথ্য সংগ্রহের পাশাপাশি ভাড়াটিয়াদের ক্ষেত্রেও একই ধরনের তথ্যভিত্তিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে।

ডিএমপি জানায়, আধুনিক পুলিশিংয়ের অংশ হিসেবে মোহাম্মদপুর এলাকায় ৭০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যা পুরো মহানগরে প্রায় ১১ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে অন্য থানা থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

পুলিশের মতে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মোহাম্মদপুর ও বসিলা এলাকাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।

প্রশ্নোত্তর পর্বে জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে ডিএমপি সদস্যরা এখন দেশের যেকোনো জেলায় অভিযান চালাতে পারবেন। একইসঙ্গে অপরাধীদের দ্রুত জামিন পাওয়ার বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, মাদক ও দেশীয় অস্ত্রের ব্যবহার কমানো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এমনকি খেলনা হিসেবে বিক্রি হওয়া মেটাল পিস্তলের বিষয়টিও নজরদারিতে রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top