হরমুজ প্রণালিতে ২ মার্কিন জাহাজ জব্দ করল আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ২০:১৭
হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দুইটি মার্কিন জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জাহাজ দুটি নৌচলাচল ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ওই এলাকায় চলাচল করছিল। তেহরান থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও জোরালোভাবে তুলে ধরতেই এমন পদক্ষেপ নিয়েছে ইরান। এর আগে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের দুটি জাহাজ জব্দ করার পর তেহরান কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই প্রেক্ষাপটে এই জাহাজ জব্দের ঘটনাকে প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, এই ঘটনার মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পষ্ট বার্তা দিতে চায় উপসাগরীয় অঞ্চলে যেকোনো উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। পাশাপাশি, হরমুজ প্রণালিতে উসকানিমূলক যেকোনো কর্মকাণ্ডের জবাব দিতে তাদের নৌবাহিনী সদা প্রস্তুত এই ঘটনাই তার প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।