মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

হাসনাত আব্দুল্লাহ

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮

হাসনাত আব্দুল্লাহ | ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় শুধু তার দলকেই নিতে হচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। কিন্তু ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দি হয়ে গেছে। রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত।”

তিনি আরও অভিযোগ করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ দেশের বিরুদ্ধে কাজ করছে। “আমরা অনেকটা একাই লড়াই করছি। মিডিয়ার চোখে চোখ রেখে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলছি,” যোগ করেন তিনি।

মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবর প্রকাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাসনাত। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা মিডিয়াবিরোধী নই, কিন্তু বস্তুনিষ্ঠতা চাই।”

এনসিপির অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা তার পর্যালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করব।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top