বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ সফল বিএনপি: সরওয়ার তুষার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৯:০০

ছবি: সংগৃহীত

বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ একটি সফল বিএনপি এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সরওয়ার তুষার। তিনি বলেন, বিএনপি ক্ষমতা নিজেদের দখলে রাখতে চাইলেও তা পারেনি, কিন্তু আওয়ামী লীগ একই পথে এগিয়ে ২০০৮ সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দীর্ঘ ১৭ বছরের শাসন প্রতিষ্ঠা করেছে। এই ‘সফল বিএনপি’র পরিণতি ভালো হয়নি এটি বিএনপির মনে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

সরওয়ার তুষার বলেন, আওয়ামী লীগ কীভাবে একটি দানবীয় ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে, তা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে এই অবস্থায় নিয়ে যেতে বিএনপির ভূমিকা রয়েছে, যা স্পষ্টভাবে বলা প্রয়োজন।

তিনি আরও বলেন, ১৯৯৬ ও ২০০৬ সালে বিএনপি যে রাজনৈতিক পথ তৈরি করেছিল, আওয়ামী লীগ সেই পথ অনুসরণ করেই সফল হয়েছে। ১৯৯৬ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি বেশিদিন টিকতে পারেনি এবং ২০০৬ সালে বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে রাজনৈতিক সংকট সৃষ্টি করে।

এনসিপি নেতা বলেন, সংসদীয় গণতন্ত্রের নামে যে ব্যবস্থা গড়ে উঠেছে, তা বিএনপির অবদান বলেও কেউ কেউ মন্তব্য করেন। তবে এই ব্যবস্থার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য ২০৩০ সালের নির্বাচনকে সামনে রেখে নতুন করে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা। ক্ষমতা হস্তান্তরের সময় বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা রয়েছে এবং বিএনপি সেই পথ প্রস্তুত করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিএনপির কারণে দেশের প্রায় ৪০ শতাংশ রাজনৈতিক সংস্কার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, গণভোট বাস্তবায়িত হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতো। কিন্তু বিএনপি গণভোট বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। অধ্যাদেশ বাতিলের মাধ্যমে প্রকৃতপক্ষে গণভোটকেই বাতিল করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও অন্যদিকে তা লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অস্থায়ী কমিটি নিয়েও সমালোচনা করেন সরওয়ার তুষার। তার অভিযোগ, সেখানে দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে এবং স্থায়ী কমিটির নেতাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বোর্ডকে পারিবারিক প্রতিষ্ঠানে রূপ দিচ্ছে। এতে বৈষম্য তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top