চীনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল বেইজিংয়ে, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১
চীনের ক্ষমতাসীন Chinese Communist Party (সিসিপি)-এর আমন্ত্রণে সফরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয় দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি বেইজিংয়ের পথে যাত্রা করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। জানা গেছে, আগামী ১৯ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ও একই সফরে চীনে যোগ দেবেন।
সরকার গঠনের পর দল হিসেবে এটি বিএনপির প্রথম চীন সফর। ২১ এপ্রিল পর্যন্ত নির্ধারিত এই সফরে বেইজিংয়ে সিসিপির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গে প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, নজমুল হক নান্নু, বেবী নাজনীন, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।