নুরকে প্রতিমন্ত্রী থেকে সরিয়ে দিতে দলের ভেতরে লুকিয়ে থাকা শিবির কর্মীরা তৎপরতা চালাচ্ছে:রাশেদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০

সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী পদ থেকে সরিয়ে দিতে দলের ভেতরে লুকিয়ে থাকা জামায়াত–শিবির কর্মীরা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপি নেতা রাশেদ খাঁন।

শনিবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এসব ‘অনুপ্রবেশকারী’ নুরের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে কাজ করছে। তার ভাষায়, গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—দুই দলেই নিজেদের লোক ঢুকিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে।

রাশেদ খাঁন আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর তরুণদের রাজনীতির যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সংগঠিতভাবে নষ্ট করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দলীয় দুর্বলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ প্রক্রিয়া চালানো হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, এনসিপির বড় একটি অংশ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী থেকে আসা, যারা স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছে না বলেও তিনি মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের সাবেক এই নেতা আরও বলেন, তিনি নিজেও একই ধরনের অভ্যন্তরীণ চাপ ও ‘অনুপ্রবেশকারীদের’ কারণে দল ছাড়তে বাধ্য হয়েছেন। তার দাবি, তাকে দলীয়ভাবে মানসিকভাবে চাপ দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময়ে নুরুল হক নুরকে বহিষ্কারের কথাও উঠেছিল, এমনকি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণঅধিকার পরিষদ ও এনসিপির রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top