বিদেশি বিনিয়োগ কমেছে ১৮.৪২%

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৬

সংগৃহীত

বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে এফডিআই আগের বছরের একই সময়ের তুলনায় ১৮.৪২ শতাংশ কমেছে।

এ সময়ে নিট এফডিআই এসেছে ১০ কোটি ৮০ লাখ ডলার, যেখানে ২০২৪ সালের একই সময়ে ছিল ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন-সংক্রান্ত অনিশ্চয়তাই এ পতনের প্রধান কারণ।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সে সময়ে বিনিয়োগের উপযোগী পরিবেশ ছিল না এবং রাজনৈতিক সমঝোতা নিয়ে অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে।

একই সময়ে পুনঃবিনিয়োগকৃত মুনাফাও (রি-ইনভেস্টেড আর্নিংস) ৩৫.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১ কোটি ৭৪ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ৩২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ডলার।

অর্থনীতিবিদদের মতে, শুধু নতুন বিনিয়োগই নয়, পুরোনো বিদেশি প্রতিষ্ঠানগুলোর মুনাফা পুনঃবিনিয়োগও কমে যাওয়া উদ্বেগজনক।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি কাঠামোগত দুর্বলতা, উচ্চ ব্যবসায়িক ব্যয় ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিদেশি বিনিয়োগ কমার আরেকটি বড় কারণ।

তিনি আরও বলেন, বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিক সুবিধা এবং কাস্টমস প্রক্রিয়ায় জটিলতার কারণে বাংলাদেশ আঞ্চলিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, একই সময়ে দেশীয় বেসরকারি খাতের বিনিয়োগও কমেছে, যা সামগ্রিক বিনিয়োগ পরিবেশ দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়।

সব মিলিয়ে ইকুইটি, রি-ইনভেস্টেড আর্নিংস ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ মিলিয়ে মোট বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৩৮ লাখ ২০ হাজার ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ কোটি ৪০ লাখ ডলার।

অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার ছাড়া বিদেশি বিনিয়োগে টেকসই উন্নতি আনা কঠিন হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top