নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে আরও দুজন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:১৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকার একটি প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন এবং বর্তমানে আলবানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। নিহত হীরামন ও নাজমুল বাবা-ছেলে সম্পর্কের, আর ফাহিম নাজমুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।
আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। তারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন সবাই একটি প্রাইভেটকারে ঘুরতে বেরিয়েছিলেন। নিহত নাজমুল রোবেল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
রাজিয়া বেগম জানিয়েছেন, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। এরপর তাদের মরদেহ নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে দাফন করা হবে। নিহতদের জন্য দোয়া চেয়েছেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।