মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

নেপালকে বাংলাদেশের পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না: সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১০:৩৭

সংগৃহীত

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, কোনোভাবেই নেপালকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তার সরকার রাজনৈতিক দল ও তথাকথিত জেন-জি তরুণদের কাছ থেকে নিয়মিত চাপ ও সমালোচনার মুখে পড়ছে।

প্রধানমন্ত্রী কার্কি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের কঠোর সমালোচনা করছে এবং প্রায় প্রতিদিনই পদত্যাগের দাবি জানাচ্ছে। একই সঙ্গে জেন-জি তরুণদের একটি অংশও সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। তার ভাষায়, “তারা বলে—আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু ছাড়ার মানে কী?”

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব ছাড়লে পরদিনই আবার সমালোচনার সুর বদলে যায়। তখন বলা হয়, ‘তোমাদের সুযোগ ছিল, এখন কেন চলে যাচ্ছ।’ এতে সরকারের অবস্থান দোদুল্যমান হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

সুশীলা কার্কি জানান, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ আলাদা আলাদা দাবি নিয়ে নিয়মিত সরকারের কাছে আসছে। “আমরা যেখানেই যাই, কোথাও শান্তি পাচ্ছি না,” বলেন তিনি।

সবশেষে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং নেপালকে অস্থিতিশীলতার পথে যেতে দেবে না। তিনি বলেন, “নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশ হতে চাই না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top