মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ইরানে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহত ৫০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ২২:৩৭

ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। রোববার (১১ জানুয়ারি) সংস্থাটি এ তথ্য প্রকাশ করে।

এই হতাহতের তথ্য এমন এক সময়ে সামনে এলো, যখন বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

এইচআরএএনএ জানিয়েছে, ইরানের ভেতরে ও বাইরে থাকা তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে গত দুই সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।

২০২২ সালের পর এটিই ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভের ফলে দেশটির শাসকগোষ্ঠী নতুন করে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে।

এদিকে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও এইচআরএএনএর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইন্ধন জোগাচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান সরকার প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

তথ্যসূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top