মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

গুরুতর আহত মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতা হিসেবে আলোচিত মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে অচেতন অবস্থায় আছেন বলে দাবি করেছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অচেতন থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে একটি গোপন নথি উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। ওই নথিতে উল্লেখ করা হয়, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন রয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এটিই প্রথম বিস্তারিত তথ্য বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন তার বাবা ও দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার দাফনের প্রস্তুতি চললেও মৃত্যুর দীর্ঘ সময় পার হলেও এখনো তাকে সমাহিত করা হয়নি।

এদিকে চলমান সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্র ইরানের কাছে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। পাল্টা শর্ত হিসেবে ইরান স্থায়ীভাবে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে শুল্ক আদায়ের অনুমতি, দেশ পুনর্গঠন এবং লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top