বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

আন্দামান সাগরে ট্রলারডুবি: ২৫০ যাত্রী নিখোঁজ, বাংলাদেশিসহ রোহিঙ্গাদের আশঙ্কা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২০

ছবি: সংগৃহীত

আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে UNHCR এবং IOM

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রাপথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় ট্রলারটি ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাগুলোর বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের টেকসই সমাধানের অভাবের ভয়াবহ প্রতিফলন। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা তাদের নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এদিকে শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়ায় জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন। পাচারকারীদের মিথ্যা প্রলোভনও এ ধরনের বিপজ্জনক যাত্রাকে উসকে দিচ্ছে।

জাতিসংঘ সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে, যাতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা হয় এবং একই সঙ্গে বাংলাদেশে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দেওয়া যায়।

নতুন বছর উদযাপনের এই সময়ে এমন মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে—মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো দ্রুত সমাধান করা জরুরি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া এমন প্রাণঘাতী সমুদ্রযাত্রা বন্ধ করা সম্ভব নয়, আর তা না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top