বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ইরানে সামরিক অভিযান সীমিতে প্রস্তাব আবারও ব্যর্থ, সিনেটে চতুর্থবার প্রত্যাখ্যান

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। একই ধরনের প্রস্তাব নিয়ে এটি ছিল চতুর্থ ভোট, যেখানে শেষ পর্যন্ত সেটি প্রত্যাখ্যাত হয়।

স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির বিপক্ষে ৫২টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে। প্রস্তাবটি পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারতেন না ট্রাম্প।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা নিয়মিতভাবে এ ধরনের প্রস্তাব সিনেটে উত্থাপন করবেন, যাতে আইনপ্রণেতাদের অবস্থান স্পষ্ট হয়। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন বলেন, প্রস্তাবটি পাস না হলেও এই ভোটের মাধ্যমে জনগণ বুঝতে পারবে—যুদ্ধের দায় কার কাঁধে রয়েছে।

অন্যদিকে, বেশিরভাগ রিপাবলিকান সদস্য প্রস্তাবটির বিরোধিতা করেন। তবে তাদের মধ্যে কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন, ৬০ দিনের সীমা অতিক্রম করলে তারা অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারেন।

মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হাউলি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যুদ্ধক্ষমতা আইনের শর্তের মধ্যেই রয়েছে বলে তিনি মনে করেন। এ কারণেই তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন।

তবে তিনি সতর্ক করে বলেন, যদি প্রশাসন সংঘাত কমানোর দৃশ্যমান উদ্যোগ দেখাতে ব্যর্থ হয় এবং ৩০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না নেয়, তাহলে ভবিষ্যতে তিনি যুদ্ধক্ষমতা সংক্রান্ত নতুন প্রস্তাবের পক্ষে অবস্থান নিতে পারেন।

এদিকে, এপ্রিলের শেষে যুদ্ধ ৬০ দিনে পৌঁছালে কংগ্রেসের জন্য বড় ধরনের পরীক্ষা অপেক্ষা করছে। ১৯৭৩ সালের War Powers Act অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেসকে সামরিক অভিযানের অনুমোদন দিতে হবে অথবা অতিরিক্ত সময় বাড়াতে হবে। অন্যথায়, প্রেসিডেন্টকে আইনত সেনা প্রত্যাহার শুরু করতে হবে।

সূত্র: বিবিসি ও আলজাজিরা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top