যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ বহাল রাখায় হরমুজ প্রণালি বন্ধ করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রাখা হবে।
আইআরজিসির দাবি, আংশিকভাবে কিছু জাহাজ চলাচল করলেও যুক্তরাষ্ট্র এখনো ইরানের নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করেনি। ফলে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে তারা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বহাল থাকবে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। একই সময়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানান, একটি সমন্বিত কাঠামোয় দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু হবে না।
এদিকে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো গভীরভাবে পর্যালোচনা করছে।
আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি নিয়ে এমন উত্তেজনা বিশ্ববাজারে নতুন অনিশ্চয়তার আশঙ্কা তৈরি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।