মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইসরাইলি গোয়েন্দা নেটওয়ার্কে জড়িত অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৭:৩৫

সংগৃহীত

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়া এবং তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত আমির আলি মিরজাফারি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘মিজান’, যার তথ্য উদ্ধৃত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের কোলহাক মসজিদে আগুন লাগানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে মিরজাফারিকে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখে।

সরকারি সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তিনি জানুয়ারিতে হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পেট্রোলবোমা ব্যবহার করে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছিলেন।

চলতি বছরের শুরুতে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা কঠোরভাবে দমন করে সরকার।

তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন ইরানের বিচার ব্যবস্থায় জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তি ব্যবহারের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে।

সূত্র: রয়টার্স, ইউরো নিউজ

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top