পরিবারের সঙ্গে দেখা করতে এসে ধরা পড়ল ‘ছোট সুমন’ বাহিনীর শীর্ষ সদস্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:০২
সুন্দরবন থেকে গোপনে বের হয়ে পরিবারের সঙ্গে দেখা করতে এসে কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা। পরে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সুন্দরবনের ভেতর থেকে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের ঢাকা অঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে দস্যু দমনে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল রাতে বাগেরহাটের রামপালের শুকদারা বাজার সংলগ্ন এলাকা থেকে আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। এর আগে তিনি ১৩ এপ্রিল সুন্দরবন থেকে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
পরে তাকে নিয়ে মধ্যরাতে মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে লুকানো একটি একনলা বন্দুক, একটি এয়ারগান এবং দুটি গুলি উদ্ধার করা হয়।
আব্দুস সামাদ মোল্লা বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ‘ছোট সুমন’ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সক্রিয় ছিলেন।
কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।