দেড় মাসের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:০৩
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে দেড় মাস বয়সী সন্তানসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, একজন মাকে তার এক মাস ১৬ দিনের শিশুসহ আটক করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি বলেন, সিজারিয়ান অস্ত্রোপচারের পরও তাকে কারাগারে পাঠানো হয়েছে, যা অত্যন্ত কঠোর সিদ্ধান্ত।
এদিন দুপুরে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা প্রয়োজন।
তদন্তে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল সন্ধ্যায় তেজগাঁওয়ের রেলওয়ে কলোনি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, শুনানিতে তার আইনজীবী সন্তানের বিষয়টি বিবেচনায় নিয়ে যেকোনো শর্তে জামিন আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে বের হওয়ার সময় শিল্পী বেগম বলেন, রাজনৈতিক কারণে তাকে শিশুসহ কারাগারে যেতে হচ্ছে।
মামলার তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তার পরিবারের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় গত বছরের ২৫ জানুয়ারি তার মা শাহনূর খানম তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।