যে ৬ শর্তে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৭:৫৪
ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী ছয়টি শর্ত মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ১৫০ জন শিক্ষার্থী এ সুযোগ পাবেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে আরও ২৫ জন শিক্ষার্থী নির্বাচিত হবেন।
এছাড়া জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য সংসদ অধিবেশন দেখার সুযোগ তৈরি করা হয়েছে। এজন্য দর্শনার্থী গ্যালারি থেকে শিশু গ্যালারির ৫০টি এবং শিউলি বা শিমুল গ্যালারির ১০০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংসদ অধিবেশন দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্ধারিত ছয়টি শর্ত মানতে হবে। পাশাপাশি কর্তৃপক্ষ যেকোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।
শর্তগুলো হলো:
১. জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ এর ৩.১ (খ) অনুযায়ী প্রতিষ্ঠানের প্যাডে পরিদর্শনকারীর তালিকা সংযুক্ত করে আবেদন এবং কমপক্ষে সাত কার্যদিবস পূর্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় বরাবর আবেদন করতে হবে।
২. আবেদনে প্রতিষ্ঠানের পরিদর্শনকালীন ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর এবং প্রযোজ্যক্ষেত্রে দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত থাকতে হবে।
৩. প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।
৪. পরিদর্শনকালে ভবনের ভিতর মোবাইল ফোন, ক্যামেরা, ইলেক্ট্রনিক্স গ্যাজেট, ব্যাগ কোন প্রকার ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না।
৫. মার্জিত ও শালীন পোশাক পরিধান করা বাঞ্ছনীয় এবং প্রযোজ্যক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধানপূর্বক স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।
৬. সংসদ ভবনের ভেতর শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা নিষেধ এবং দায়িত্বরত গাইড বা কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।