মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ইনু–মেনন–মানিকের জামিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৭:০০

সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকী শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

আদালত সূত্রে জানা যায়, হাসানুল হক ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন অনুযায়ী আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককে হাজিরার জন্য আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হলেও তিন আসামির পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি দায়ের করেন আইনজীবী জিয়াউল হক, যা আদালত গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি টক শোতে শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ বলে মন্তব্য করেন। এছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না।

অন্যদিকে, ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top