পুলিশ হত্যা মামলায় আসামি পলাশের মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৯
রংপুর মহানগরীর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাশ (২৬) আদালতে উপস্থিত ছিলেন। তিনি রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় গাঁজাসহ আটক করার সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুল ইসলামের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে। পরবর্তীতে আসামি পলাশকে গ্রেপ্তার করা হয়।
মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং আরও দুটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।