দুই মাস পর কারামুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইমি

আইন আদালত ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৮:৪৭

ছবি: সংগৃহীত

 

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ (ইমি) দুই মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের ভিত্তিতে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে সব আইনি প্রক্রিয়া শেষে ইমিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল। এর আগে গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে তার আগের একটি জামিন আবেদন খারিজ হয়েছিল।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। তিনি জানান, ইমির মুক্তিতে আইনগত কোনো বাধা ছিল না।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৭ মার্চ রাতে। সেদিন রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন।

রিকশায় মাইক লাগিয়ে ভাষণ প্রচারের সময় কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দেন। পরে ইমি ও আরেকজনকে রিকশাসহ থানার ভেতরে নেওয়া হয়। এ সময় থানার ভেতরে একজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগও ওঠে।

পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে এবং একাধিকজনকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবীরা দাবি করেন, প্রচারিত বক্তব্য কোনো নিষিদ্ধ বা উসকানিমূলক ছিল না এবং একজন নারী হিসেবে দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয়েছে—এমন যুক্তিতেই জামিন আবেদন করা হয়।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top