শাস্তির মুখে পাঁচ ক্রিকেটার, বিপিএলে ফিক্সিং তদন্তে বড় অগ্রগতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৮:৩৫

ছবি: সংগৃহীত

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগে অন্তত পাঁচজন ক্রিকেটারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি বলেন, তদন্তে পাঁচজন ক্রিকেটারের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, টুর্নামেন্ট চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ তদন্ত শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেওয়া হয়।

পরবর্তীতে সেই প্রতিবেদন যাচাই-বাছাই করে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। তার নেতৃত্বে পর্যালোচনার পর কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায়। তবে শুরুতে কারও নাম প্রকাশ করা হয়নি।

তামিম ইকবাল জানান, “তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। পাঁচজন ক্রিকেটার বড় ধরনের শাস্তির মুখোমুখি হচ্ছেন।”

বিসিবি জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্তদের নাম ও শাস্তির বিস্তারিত জানানো হবে।

এদিকে বিপিএলের আর্থিক অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তামিম। তিনি বলেন, কয়েকটি দল ছাড়া অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি।

তিনি আরও উল্লেখ করেন, টুর্নামেন্টটি পরিচালনায় বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। তার ভাষায়, বিপিএলে প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকার মতো লোকসান হচ্ছে।

তামিম বলেন, “যদি ভবিষ্যতে যোগ্য ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না করা যায়, তাহলে বিপিএল আয়োজন পুনর্বিবেচনা করা উচিত।”

বিপিএলের এই অনিয়ম ও ফিক্সিং তদন্ত নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top