মুখের দুর্গন্ধ একটি সাধারণ সমস্যা হলেও এটি অনেক সময় সামাজিক ও ব্যক্তিগত জীবনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, মুখের ভেতরের ব্যাকটেরিয়া খাবারের কণা ভেঙে যে রাসায়নিক তৈরি করে, সেখান থেকেই মূলত দুর্গন্ধের সৃষ্টি হয়। এছাড়া মাড়ির সমস্যা, জিহ্বার অপরিষ্কার অবস্থা, মানসিক চাপ, খাদ্যাভ্যাস এবং জীবনযাপনও এ সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে।
দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞরা কিছু সহজ ও কার্যকর অভ্যাস অনুসরণের পরামর্শ দিয়েছেন—
১. জিহ্বা পরিষ্কার রাখা
প্রতিদিন দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করা জরুরি। জিহ্বায় জমে থাকা জীবাণু ও খাদ্যকণা দূর করতে টাং স্ক্র্যাপার বা ব্রাশ ব্যবহার করলে দুর্গন্ধ অনেকটাই কমে যায়।
২. নিয়মিত ও সঠিকভাবে দাঁত পরিষ্কার করা
দিনে অন্তত দুইবার ভালোভাবে দাঁত ব্রাশ করা উচিত। দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কারের জন্য নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করাও প্রয়োজন।
৩. পর্যাপ্ত পানি পান করা
পর্যাপ্ত পানি পান করলে মুখে লালার প্রবাহ স্বাভাবিক থাকে, যা মুখ পরিষ্কার রাখতে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে।
৪. মুখ পরিষ্কারের তরল ব্যবহার
দাঁত ব্রাশের পাশাপাশি উপযুক্ত মুখ পরিষ্কারের তরল ব্যবহার করলে মুখের দুর্গন্ধ নিয়ন্ত্রণে থাকে। তবে কোন ধরনের তরল ব্যবহার করবেন, তা বিশেষজ্ঞের পরামর্শে নির্ধারণ করা ভালো।
৫. চিনি ছাড়া চুইংগাম চিবানো
রসুন, পেঁয়াজ বা কফির মতো খাবারের পর চিনি ছাড়া চুইংগাম চিবালে লালা নিঃসরণ বাড়ে, যা মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে।
৬. স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ
আপেল, গাজরসহ কচকচে ফল ও সবজি মুখের প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে এবং মুখ সতেজ রাখতে সহায়তা করে।
৭. ধূমপান পরিহার করা
ধূমপান মুখের দুর্গন্ধের অন্যতম প্রধান কারণ। এটি দাঁত ও মাড়ির ক্ষতি করে এবং দীর্ঘস্থায়ী দুর্গন্ধ তৈরি করে।
৮. নিয়মিত ডেন্টাল চেকআপ
সব নিয়ম মেনে চলার পরও সমস্যা থাকলে এটি মাড়ির রোগ বা দাঁতের সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।