বড় প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৮:৪০
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা পূর্ব-পশ্চিম উড়াল এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গতানুগতিক মেগা প্রকল্প নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।
তিনি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া বড় বড় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা ও জনসাধারণের করের অর্থের সঠিক ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, কোনো প্রকল্পের লাভ শুধু কাগজে-কলমে দেখালেই হবে না, বরং তার সুফল সাধারণ মানুষকে বাস্তবে পেতে হবে। জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে—এমন প্রকল্পই অগ্রাধিকার পাবে।
এদিকে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি—এমন একটি নেতিবাচক ধারণা সমাজে তৈরি হয়েছে, যা কাজের মাধ্যমে পরিবর্তন করতে হবে।
তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন, প্রতিটি কাজ যেন সততা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হয়ে ওঠে, সে অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, প্রস্তাবিত ঢাকা পূর্ব-পশ্চিম উড়াল এক্সপ্রেসওয়েটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর উপজেলাকে সরাসরি সংযুক্ত করবে। প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরা এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো এবং পার্শ্ববর্তী এলাকার মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।