মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৮:৪৭

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ চীনা নাগরিকদের ফেরত নিতে চীনের গড়িমসির কারণে দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, চীন যদি দ্রুত তাদের অবৈধ নাগরিকদের ফিরিয়ে না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র প্রথম ধাপে চীনা নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ানো এবং ভিসা বাতিলের হার বৃদ্ধি করবে। পরবর্তী ধাপে স্থায়ী ভিসা নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী বর্তমানে দেশটিতে এক লাখেরও বেশি অবৈধ চীনা নাগরিক বসবাস করছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের মধ্যে ত্রিশ হাজারেরও বেশি ব্যক্তিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত রয়েছে।

চীন ২০২৫ সালে কয়েক ধাপে প্রায় তিন হাজার নাগরিককে ফেরত নিয়েছিল। তবে গত ছয় মাস ধরে কোনো নাগরিককে ফেরত নেয়নি দেশটি। ওয়াশিংটনের দাবি, একাধিকবার যোগাযোগ করা হলেও বেইজিং থেকে কার্যকর কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

এদিকে আগামী ১৪ ও ১৫ মে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এই সফরে বাণিজ্যিক সুবিধা ও রাজনৈতিক সমঝোতার চেষ্টা করবেন তিনি। তবে একই সময়ে ভিসা নিষেধাজ্ঞার প্রস্তুতির খবর দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

ওয়াশিংটনের ওই কর্মকর্তা আরও বলেন, ধৈর্য সীমিত সময়ের জন্য রাখা হবে। এরপরও সমাধান না এলে কঠোর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

চীনা দূতাবাস এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য দেয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top