রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনে বাধা নেই: ইসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৫

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে মোবাইল ফোন বহনে কোনো বাধা নেই। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে কমিশনের নির্দেশনা মেনে চলতে হবে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই নির্দেশনা কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে কমিশনারের বক্তব্যের মাধ্যমে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়—এ বিষয়টি স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top