সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৪:৩৮

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা থাকতে দেওয়া হবে না। সৈকত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

রবিবার বিকেলে সুগন্ধা পয়েন্ট এলাকা পরিদর্শনকালে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত পুরো সৈকতজুড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও শাহজাহান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ জেলা পর্যায়ের রাজনৈতিক নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ উদ্যোগে ইতোমধ্যে কক্সবাজার সৈকতের অনেক এলাকার চিত্র বদলে গেছে। ভাসমান দোকান অপসারণের ফলে সড়ক থেকেই এখন দৃশ্যমান হচ্ছে বিস্তৃত বালিয়াড়ি ও আছড়ে পড়া নীল ঢেউ।

পর্যটনসংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে আসা পর্যটকেরা এখন সৈকতের নতুন রূপ উপভোগ করতে পারছেন, যা আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত ও আকর্ষণীয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top